করোনা চিকিৎসা পরিষেবা উন্নতির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি ভারতীয় জনতা পার্টির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর জেলায় করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে উঠে পড়ে লাগলেও কিছু ক্ষেত্রে খামতি থেকে গেছে। তাই বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব জেলাজুড়ে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রধান কার্যালয়ের বাইরে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল। জেলা বিজেপির এই ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিজেপি নেতা শমিত কুমার দাস, শঙ্কর কুমার গুচ্ছাইত ও অন্যান্য নেতৃত্ব। তাদের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

জেলা বিজেপির দাবিগুলো হল, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে, করোনার তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের জন্য পর্যাপ্ত বেড ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে, জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় স্যানিটাইজার ও ব্লিচিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, বর্ষার প্রাক্কালে শহরের সমস্ত নর্দমা ও জমা জলে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ প্রয়োগ করতে হবে, মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্র গুলি অবিলম্বে চালু করতে হবে এবং ওখানে কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে, বেসরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার নামে সাধারণ মানুষকে আর্থিকভাবে সর্বস্বান্ত করা অবিলম্বে বন্ধ করতে হবে, করোনা পরিস্থিতিতে অক্সিজেন সহ বিভিন্ন জীবনদায়ী ওষুধের কালোবাজারি বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *