করোনায় দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম ভারত, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড

আমাদের ভারত, ২১ এপ্রিল: ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিতে সংখ্যা ২’লক্ষ ৯৫ হাজারে পৌঁছেছে। এর ফলে দৈনিক আক্রান্ত সংখ্যার নিরীখে সারা বিশ্বে ভারত প্রথম স্থানে চলে গেল। এর আগে দৈনিক সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র সবার আগে ছিল। আজ দৈনিক আক্রান্তের সংখ্যার নিরীখে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গেল ভারত। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২লক্ষ ৮৯ হাজার ১৯৫। সেই হিসেব দেখলে বুধবার রেকর্ড দৈনিক সংক্রমণ হলো ভারতে। বুধবার রাতের মধ্যেই এই সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে শুধু দৈনিক সংক্রমণেই নয় দৈনিক মৃত্যুর হারেও রেকর্ড গড়েছে ভারত। বুধবার সারা দেশে এই প্রথম একদিনের মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৪ জনের। এখনো পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের।

এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০। মোট আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

এখন দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮। এখনো পর্যন্ত দেশে কোভিডের টিকা নিয়েছেন ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *