আমাদের ভারত, বারুইপুর, ১৭ অক্টোবর: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ সাত মাস কর্মহীন হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বছর পঁয়ত্রিশের যুবক চিরঞ্জিত তাঁতি। আর সেই অবসাদেই ট্রেনের কামরায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এই যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে।
পরিবার সূত্রের খবর, পেশায় হোটেলের রাঁধুনি ছিলেন চিরঞ্জিৎ। কিন্তু লকডাউনের শুরু থেকেই কর্মহীন হয়ে পড়েছিলেন তিনি। বারুইপুর এলাকায় ভাড়া বাড়িতে বাস করতেন এই যুবক। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যথেষ্ট আর্থিক সংকটে পড়েছিলেন। বাজারেও কয়েক লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিলেন। পাওনাদারাও চাপ দিচ্ছিল। শুক্রবার দাদার কাছে ৫০ টাকা চেয়েছিলেন, সেই টাকা দেননি দাদা। এতে আরও মানসিক অবসাদে ভেঙে পড়েন তিনি। অবশেষে রাতে ঘুম থেকে উঠে বারুইপুর প্লাটফর্মে গিয়ে ট্রেনের কামড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন চিরঞ্জিৎ। এই ঘটনায় পরিবার লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। শুক্রবার গভীর রাতেই বারুইপুর স্টেশনে ট্রেনের কামরা থেকে উদ্ধার হয়েছে ঐ যুবকের ঝুলন্ত দেহ। রেলপুলিশ ও বারুইপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, অন্যদিকে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

