আমাদের ভারত, ১০ এপ্রিল:এবার করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর বয়স ৭০ বছর। ফলে কোমর্বিডিটি থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেই আরএসএসের তরফে টুইট করে জানানো হয়েছে।
শুক্রবার আরএসএসের তরফে টুইট করে বলা হয়েছে কোভিডের মৃদু উপসর্গ রয়েছে মোহন ভাগবতের শরীরে। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ৭ মার্চ তিনি কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। একই দিনে টিকা নিয়েছিলেন আরএসএস এর সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি। নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউট থেকে টিকার প্রথম ডোজ নেন তাঁরা।
এরপর শুক্রবার রাতে জানা যায় মোহন ভাগবত করোনায় আক্রান্ত। মোহন ভাগবতের বয়স ৭০। ফলে স্বাভাবিকভাবেই কোমর্বিডিটি থাকার সম্ভাবনা রয়েছে।
গত কয়েক দিনে যারা যারা তাঁর সংস্পর্শে এসেছে তাদের সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর। প্রত্যেকদিন প্রায় ৬০ হাজারের কাছাকাছি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়ছে সেখানে।যার একটি বড় অংশ রয়েছে নাগপুরে।

