শিখর পেরিয়ে এবার সংক্রমণ কমার পালা, ফেব্রুয়ারির শেষেই নিয়ন্ত্রণে আসবে করোনা, দাবি কেন্দ্রের গড়া কমিটির

আমাদের ভারত, ১৮ অক্টোবর: ভারতে ইতিমধ্যেই করোনা সংক্রমিতের সংখ্যা ৭৫ লক্ষ ছাড়িয়েছে। প্রায় দুই মাস ধরে বিশ্বের দৈনিক আক্রান্তের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত। তার মধ্যে প্রশ্ন উঠেছে করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে শিখর ছুঁয়েছে কিনা? এবার কেন্দ্রের গড়া বিশেষজ্ঞদের কমিটি জানাল, শুধু শিখর ছোঁয়াই নয়, শিখর ছোঁয়ার পর এবার সংক্রমণ কমার পালা। আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলেও জানিয়েছে ওই কমিটি।

কেন্দ্রের নিয়োগ করা একটি প্যানেলের পক্ষ থেকেই রবিবার এই কথা জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন গত দু’সপ্তাহ ধরে সংক্রমণের হার কমছে। আগে দিনে ৯৭ হাজারের বেশি মানুষ দৈনিক আক্রান্ত হত। কিন্তু ধীরে ধীরে তা কমতে থাকে। সম্প্রতি তা ৬০ হাজারের আশেপাশে রয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৮৭১জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে দুমাস পরে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লাখের নিচে নেমেছে।

কেন্দ্রের তরফের নিয়োগ করা এই প্যানেলের সদস্যরা মূলত আইসিএমআর এবং আইআইটির বিশেষজ্ঞ। তাঁরা জানিয়েছেন, যদি সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তবে প্যানেলের সদস্যরা আরও জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে আসতে অবশ্য ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখের কাছাকাছি হবে। অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতে আরো ৩০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে এই সব কিছুর মধ্যে আশঙ্কার বিষয়, দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যার হঠাৎ করেই বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ভারতে এক হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৩০ জন। গত দুই সপ্তাহ ধরে দেশে দৈনিক মৃত্যুর হার হাজারের নিচে ছিল। ৩ অক্টোবর ১০৬৯ জনের মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত ১৬ সেপ্টেম্বর ১২৯০ জনের। তারপর ধীরে ধীরে তা কমেছে। কিন্তু আবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *