আমাদের ভারত, ২৫ এপ্রিল: পরপর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের উপরে রয়েছে। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫৯৩ ছিল। সোমবার তা সামান্য কমেছে। সোমবার সামান্য কমলেও আক্রান্তের সংখ্যা ২৫৪১। অর্থাৎ দুহাজারের নীচে নামেনি। কোভিড গ্রাফের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রের দেওয়া বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ০.৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০। সুস্থ হয়েছেন ১৮৬২ জন। দেশজুড়ে ১৮৭ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে।
দেশে করোনা সংক্রমনের শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে ১০ ৮৩ জন করোনা আক্রান্ত। এরপরই রয়েছে হরিয়ানা ৪১৭ জন। কেরলে ২৮১ জন, উত্তরপ্রদেশে ২১২ জন।
চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারবার টিকাকরণের ওপর বিশেষ করে জোর দিতে বলছেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলেই জানিয়েছেন তারা। শারীরিক দূরত্ব বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে করোনা বিশ্বজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে। ভারতেও কোভিড গ্রাফ উর্দ্ধমুখী। তাই এই পরিস্থিতিতে করোনা মোকাবিলা কিভাবে সম্ভব তা আলোচনা করতে আবারও বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।

