করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, ফের আংশিক লকডাউন রাজ্যে, সোমবার থেকে বন্ধ স্কুল কলেজ

আমাদের ভারত, ২ জানুয়ারি: আবারও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য। সোমবার থেকে বন্ধ থাকবে রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ৫০% কর্মীরাই স্কুলে যেতে পারবেন। এক মাস পিছিয়ে গেল দুয়ারে সরকারের ক্যাম্প। এছাড়াও লাগু হল একগুচ্ছ বিধি।

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে দিল্লিতে হলুদ সর্তকতা কিছুদিন আগেই জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার স্কুল-কলেজ সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠান। এবার সেই পথে হাঁটল পশ্চিমবঙ্গ। অন্যদিকে রবিবার থেকে আবারও রাজ্যের দুয়ারে সরকার চালু হওয়ার কথা থাকলেও তা চালু হয়নি পরিবর্তে একমাস পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী পয়লা ফেব্রুয়ারি ২০২২ থেকে এই ক্যাম্প শুরু হবে।

সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ। স্কুল বন্ধ থাকলেও টিকা করণ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। স্কুল-কলেজ ছাড়া আগামীকাল থেকে বন্ধ করা হচ্ছে রাজ্যের জিম, সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার, সেলুন, ট্রেনিং সেন্টার। বন্ধ থাকছে রাজ্যের সমস্ত এন্টারটেইনমেন্ট পার্ক, চিড়িয়াখানা, টুরিস্ট স্পট।

সরকারি ও বেসরকারি অফিসে সোমবার থেকে হাজিরা ৫০% করে দেওয়া হচ্ছে। কর্মীদের ক্ষেত্রে বাড়ি থেকে কাজ করার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ থাকল, ৫০% আসেন নিয়ে খোলা থাকবে সিনেমা হল। রাত ১০ পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ ও শপিং মল। সন্ধ্যে সাতটা পর্যন্ত চালু থাকবে লোকাল ট্রেন পরিষেবা। আসন সংখ্যার মাত্র ৫০ শতাংশ নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন। মেট্রোতেও ৫০ শতাংশের বেশি যাত্রী উঠতে পারবে না।

এছাড়াও রাতে দশটার পরে রাস্তাঘাটে মানুষজনের চলাফেরার উপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। বিয়ে বাড়ি সহ ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে কুড়ি জন উপস্থিত থাকতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *