আমাদের ভারত, ১২ মার্চ: শেষ কয়েক মাসে দেশে করোনা সংক্রমনের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আচমকাই ফের সংক্রমণে বাড়তে শুরু করেছে। এরমধ্যে বৃহস্পতি ও শুক্রবার পরপর দু’দিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৮৫ জন।বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২২ হাজারের কিছু বেশি। শুক্রবার তা আরো বাড়লো। গত ২৪ ঘন্টায় এই মারন ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ১৫১৫৭ জন।
গতবছর ঠিক এই সময়েই বিশ্বজুড়ে মহামারি থাবা বসেছিল। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল ভারত সড় বিশ্বের বেশিরভাগ দেশেই । কিন্তু চলতি বছরের শুরুতেই জোড়া টিকায় টিকাকরণ শুরু হওয়ায় পরিস্থিতি খানিকটা উন্নত হয়। ইতিমধ্যেই দেশের ২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৯২০ জনের টিকাকরণ হয়েছে।
তবে বিদেশের করোনা স্ট্রেনের আতঙ্ক ছড়িয়েছে দেশে। জানা গেছে অরুণাচলেও ফের করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তবে দেশের সব রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। নাগপুরে ১৫-২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে সরকার। বেশকিছু শহরে কারফিউ জারি করা হয়েছে।কেন্দ্রের তরফেও সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে করোনার দাপট এখনো যায়নি। সাবধান না হলে ফের বিপদ বাড়তে পারে।
এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ২৩৭। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৯ লক্ষ ৫৩ হাজার ৩০৩ জন। সে দিক থেকে ভারতের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পরিস্থিতি ফের যাতে বেগতিক না হয় তার জন্য কড়া ভাবেই কোভিড প্রটোকল মানার কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

