আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: করোনায় দৈনিক আক্রান্তদের পরিসংখ্যান আবারও উদ্বেগ বাড়াচ্ছে। দেশের পাঁচ রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত সাতদিন ধরে কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কেন্দ্র সরকারের শীর্ষ কর্তারা এই প্রবণতাকে আটকাতে করোনা বিধিকে কড়া ভাবে মেনে চলায় জোর দিচ্ছেন।
গত ১৬ জানুয়ারি দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে মোট ১.০৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। নভেম্বর ডিসেম্বর মাস থেকেই গোটা দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। কিন্তু সেই প্রবণতার খুব বেশিদিন স্থায়ী হয়নি। গত সাতদিন ধরে দেশের পাঁচটি রাজ্যের ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে মহারাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি এখন।
মন্ত্রকের বক্তব্য গত সপ্তাহ থেকে মহারাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মধ্যে শনিবার দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রেই। ওই রাজ্যে ৬১১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে মহারাষ্ট্র ছাড়াও কেরলেও করোনার পরিসংখ্যান উদ্বেগ তৈরি করছে। গত ২৪ ঘন্টায় ওই রাজ্যেও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, কেরল ছাড়া পাঞ্জাবের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। পাঞ্জাবেও গত সাত দিনের দৈনিক করোনা রোগীর সংখ্যা হঠাৎই বেড়েছে।
ইতিমধ্যেই এই সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। মুম্বাই ছাড়াও অমরাবতী, যবতমাল জেলায় একগুচ্ছ সতর্কীকরণ জারি করা হয়েছে। আইসোলেশন সহ বিয়ে বা কোন অনুষ্ঠানে জনসমাবেশের করোনা বিধি ভঙ্গকারীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে প্রশাসন।

