লাগামহীন সংক্রমণ! মহারাষ্ট্রে অফিস, সিনেমা হলে হাজিরা ৫০%, মলে ঢুকতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

আমাদের ভারত, ১৯ মার্চ: ধীরে ধীরে ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। মহারাষ্ট্রের বাঁধভাঙ্গা সংক্রমণ শুরু হয়েছে। ঊর্ধ্বমুখী করোনা ঘুম উড়েছে প্রশাসনের। মহারাষ্ট্রে যে করোনার দ্বিতীয় ঢেউ ধাক্কা দিয়েছে তা স্বীকার করেছে কেন্দ্রের পাঠানো বিশেষ পর্যবেক্ষক দল। তাদের রিপোর্টে করোনা রোগীদের চিহ্নিত করা, পরীক্ষা করা, আইসোলেশনে রেখে চিকিৎসা করার ক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতি চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে অন্যদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ফের কড়া করোনা বিধি চালু করেছে রাজ্য সরকার।

নয়া নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বেসরকারি অফিস, সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়ামে ৫০ শতাংশের বেশি উপস্থিত থাকা চলবে না।সরকারি অফিসের ২৫% হাজিরা থাকবে। রাস্তাঘাট, দোকান বাজার হোটেল রেস্তোরায় বেশি মানুষের জামায়াত দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের সমস্ত শপিং মলগুলোতে কড়া নিয়ম চালু করা হয়েছে। শপিং মলে ঢুকতে গেলে কোভিড টেস্ট বাধ্যতামূলক। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই ঢোকার অনুমতি দেওয়া হবে।

দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এখন একেবারেই উল্টো ছবি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। লকডাউন ওঠার পর যেভাবে মানুষ কোভিড প্রটোকল ভেঙে মেলামেশা করছেন তাতেই সংক্রমণ আকাশছোঁয়া হয়েছে। ট্রেনে, বাসে আগের মতোই ভিড়। সঠিকভাবে মাস্ক পড়ছেন না কেউ। সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না। লোকাল ট্রেনে তো তিল ধারণের জায়গা নেই।

পুনেতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুনেতেও সম্পূর্ণ লকডাউন হতে পারে। নতুন নির্দেশিকায় মাক্স পড়া এবং সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক। এর ব্যাতিক্রম দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে হোটেল বা রেস্তোরাঁগুলি নিয়ম মানবে না সে গুলি বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেকোনো সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতে। বিয়ে বাড়ি ও অন্য অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিতের তালিকা ৫০ জনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে।

জানা গেছে সংক্রমণে লাগাম টানতে বাস স্ট্যান্ড, রেলস্টেশনের মতো জায়গাগুলিতে অ্যান্টিজেন পরীক্ষা চালু হতে পারে। কন্ট্র্যাক্ট ট্রেসিং-এর কাজও গুরুত্ব দিয়ে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *