ভুট্টা বোঝাই লরিতে অগ্নিকান্ড, চাঞ্চল্য রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: ভুট্টা বোঝাই লরিতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সোমবার রাতে ২৫ টন ভুট্টা বোঝাই একটি লরি বিহারের পূর্নিয়া থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিলো সেই সময় হঠাৎ গাড়িতে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। আগুন দেখে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিলো যে দমকলকে খবর দিতে হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা শুরু করে।

ঘটনাস্থলের কাছেই এলপিজি প্ল্যান্ট থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে লরিটি সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঠিক কি কারনে এই অগ্নিকান্ড ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। লরি চালক মহঃ রফিক বলেন, বিহারের পূর্ণিয়ার গোলাপবাগ থেকে ভুট্টা বোঝাই করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর যাওয়ার সময় চলন্ত গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। ঠিক কি কারনে আগুন লাগলো তা বুঝতে পারেননি তিনি। তার ধারণা ইঞ্জিন থেকে এই আগুন লেগে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *