Goldsmiths, Tarkeswar, স্বর্ণকারদের সরকারি সহায়তায় সমন্বয় ক্যাম্প তারকেশ্বরে

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২১ জানুয়ারি: স্বর্ণকারদের সরকারি সহায়তার জন্য সমন্বয় ক্যাম্প অনুষ্ঠিত হলো তারকেশ্বরে। আজ তারকেশ্বর ব্যবসায়ী সমিতি ভবনে স্বর্ণকারদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদানে এক বিশেষ সমন্বয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ২০২৪ সালের ৯-১০ এবং ১১ জানুয়ারি তারকেশ্বরে অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও হস্তশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সংগঠনের পক্ষ থেকে স্বর্ণকারদের বিভিন্ন দাবি দাবায় ১২ দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। সেই দাবিকে মান্যতা দিয়ে তিনটি দাবি পূরণ হয়েছে বলে জানা যায়। সেগুলো হলো সরকার স্বীকৃত সচিত্র পরিচয় পত্র, স্বর্ণকারদের যন্ত্রপাতি কেনার জন্য এককালীন ১৫ হাজার টাকা প্রদান, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনো স্বর্ণ শিল্পীর মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারকে দু’ লক্ষ টাকা সরকারি অনুদান। এদিনের ক্যাম্পে বহু স্বর্ণ শিল্পীকে তাদের রেজিস্ট্রেশন করতে দেখা যায়।

অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তারকেশ্বর শাখার উদ্যোগে চলা এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সভাপতি প্রফুল্ল কর্মকার, রাজ্য সাধারণ সম্পাদক ক্ষুদিরাম খাঁড়া, জেলা শিল্প কেন্দ্র আধিকারিক সঞ্জীব বাগচী, রাজ্য কমিটির সহ-সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অনুপ কোলে, তারকেশ্বর শাখার প্রধান উপদেষ্টা শ্যামসুন্দর কর্মকার, সভাপতি সোমনাথ কর্মকার, সম্পাদক কল্যাণ কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তা এবং সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *