ভাইপোকে বোঝান! সত্যগ্রহ নয়, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, শুধু সময়ের অপেক্ষা আইনের জালে ফাঁসবেই অপরাধী

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: আজ ইডির সমনে সিজিও কমপ্লেক্সে জেরার পর বেরিয়ে এসে এক রাশ ক্ষোভ উগড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে। তার দাবি, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করবেন। এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে লিখেছেন, মমতার ভাইপোকে বোঝান এটা সত্যগ্রহ নয়, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, শুধু সময়ের অপেক্ষা আইনের জালে ফাঁসবেই অপরাধী।

সুপ্রিম কোর্টের রায়ে সোমবার পর্যন্ত স্বস্তি পেয়েছেন অভিষেক। ইডি তার বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। এরপরই সিজিও কমপ্লেক্স থেকে জেরার পর বেরিয়েও বেশ চনমনে দেখালো অভিষেককে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। আর তার পাল্টা জবাবে টুইটারে অমিত মালব্য লিখেছেন, “কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে বোঝান যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলি। সত্যাগ্রহের জন্য নয়। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে। সিন্ডিকেটের চাঁই সহ আইন সব অপরাধীকেই ধরবে। এটা শুধু সময়ের অপেক্ষা।”

সাড়ে ৫ ঘণ্টা জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “গতকাল আমার কাছে কুরিয়ার মারফত সমনের চিঠি এসে পৌঁছেছিল। এই নিয়ে তৃতীয়বার অফিসে এসেছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি।” একই সঙ্গে নিজের পুরনো বক্তব্যকে আরেকবার স্মরণ করিয়ে অভিষেক বলেন, “আমি তো দুই বছর আগেই বলেছি আমার সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগসূত্র যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠা করতে পারে, যদি পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি তাহলে আমার পেছনে সিবিআই ইডি লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো। আজকেও আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *