যোগী মঠে, মোদী পাহাড়ে চলে গেলে তোমাদের কে বাঁচাবে? আসাদ উদ্দিন ওয়াইসির হুমকির ভিডিও ভাইরাল

আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: সাম্প্রতিক এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সংসদ আসাদ উদ্দিন ওয়াইসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে উত্তরপ্রদেশের পুলিশকে ও হিন্দুদের হুমকি দিতে দেখা গেছে। মুসলিমদের উপর অত্যাচার করার অভিযোগ তুলে তিনি হুমকি দেন ওই ভিডিওতে।

আসাদউদ্দিন ওয়াইসির যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে হিন্দু বা পুলিশকে সরাসরি হুমকি দিতে দেখা গেছে। সেখানে উনি বলছেন, “আমি পুলিশকর্মীদের বলতে চাই, তারা যেন মনে রাখে যে যোগী আদিত্যনাথ আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। নরেন্দ্র মোদীও আজীবন প্রধানমন্ত্রী থাকবেন না।” এরপর তিনি বলেন, “আমরা মুসলিমরা সবকিছু দেখে চুপচাপ আছি। কিন্তু মনে রাখবেন আমরা কিছু ভুলবো না। আল্লাহ নিজের শক্তি দিয়ে তোমাদের বরবাদ করে দেবে। ইনশাআল্লাহ আমরা সব মনে রাখব। আর সময়ও বদলাবে। তখন তোমাদের কে বাঁচাতে আসবে? যোগী মঠে চলে যাবে আর মোদী পাহাড়ে চলে যাবে। মনে রাখবেন আমরা কিছুই ভুলবো না।”

এই ভিডিও নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পাল্টা টুইট করে মিম প্রধান বলেন, তার ভাষণের একটি ছোট অংশ ভাইরাল করা হয়েছে। তিনি লিখেছেন, “আমার পুরো বক্তব্য টুইটারে শেয়ার করছি। আমি পুলিশদের কথা বলতে চেয়েছিলাম, যারা ৮০ বছর বয়সী পুরুষদের নির্যাতন করে। আমি সেই পুলিশদের কথা বলছিলাম, যারা চুপচাপ দাড়িয়ে দাড়িয়ে দেখছে যে জনতা এক রিক্সা চালককে তার মেয়ের সামনে মারধর করছে। এছাড়াও সেই পুলিশের কথা বলেছি যারা তার সন্তানকে কোলে তুলে ধরে একজন ব্যক্তির উপর লাঠি চালিয়েছিল। তিনি বলেন, আমি বলতে চেয়েছিলাম, আমাদের নীরবতাকে সম্মতি ভেবে ভুল করবেন না। এটা আমার বিশ্বাস, এর অপরিহার্য অঙ্গ যে আল্লাহ অন্যায়কে সায় দেয় না। অত্যাচারীদের শাস্তি দেন। আল্লাহ ন্যায় বিচারের আশ্বাস মানুষকে দেন। আমরা মনে রাখি আল্লাহ নির্যাতিতদের সাথে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *