আমাদের ভারত, ৪ মার্চ: ওটিটি প্লাটফর্মে কি দেখানো হবে তার উপর নিয়ন্ত্রণের প্রয়োজন। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেছে আদালত। বলা হয়েছে পর্নোগ্রাফির মত ছবিও এইসব মাধ্যমগুলোতে দেখানো হচ্ছে। আর সেই কারণেই এদের উপর বিশেষ নজরদারি প্রয়োজন।
ওয়েব মাধ্যমে দেখানো সিরিজ “তান্ডব” নিয়ে সম্প্রতি মামলা হয়েছে। সিরিজটি দেখানো হয়েছে আমাজনে। এরপর সংস্থার ভারতীয় প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অপর্ণা তার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন করেন। সে আবেদন এলাহাবাদ হাইকোর্টের খারিজ হয়ে যায়। এরপর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার শুনানি প্রসঙ্গে বলতে গিয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি অশোক ভূষণ বলেন, এখন এই ধরণের মাধ্যমে সিনেমা এখন খুবই পরিচিত। তাই এর উপর নজরদারি দরকার আছে কারণ এতে পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে।
এই মাধ্যমের ওপর নজরদারির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে একটি কমিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। করোনা পরিস্থিতির কারণে যেহেতু সিনেমা হলগুলো দীর্ঘদিন ছবি হলে দেখানো যায়নি। তাই এই মাধ্যমগুলোতে প্রচুর ছবির মুক্তি হয়েছে। একরকম সেন্সরশিপের কোনো তোয়াক্কা না করেই দেদার দেখানো হয়েছে নানা ধরনের ছবি। তাই এবার এই ক্ষেত্রটিকে নিয়ন্ত্রণে রাখতে উঠে-পড়ে লেগেছে এবার সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিষয়টি আরো এক ধাপ এগোল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

