আমাদের ভারত, কলকাতা, ১৬ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইতিহাসবিদ তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ সুগত বসুর বক্তব্যের কড়া সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তথাগতবাবু সুগতবাবুর ভাষণের অডিওয়ক্লিপ যুক্ত করে টুইটারে লিখেছেন, “স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ্যে সুগত বসু তিন মিনিট ধরে অনর্গল মিথ্যাভাষণ করে গেছেন। হার্ভার্ডের মাস্টারমশাইয়ের একটু বাধল না এরকম মিথ্যা ও স্ববিরোধী বক্তৃতা দিতে! ওঁর মতে স্বাধীনতা এসেছিল মোহনদাস গান্ধী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর চেষ্টায়। নেতাজী যেভাবে আজাদ হিন্দ ফৌজ তৈরী করেছিলেন গান্ধী নাকি তার ভূয়সী প্রশংসা করেছিলেন! ডাহা মিথ্যা। কারণ গান্ধীর খাস চ্যালা জওহরলাল নেহেরু বলেছিলেন, নেতাজী যদি ভারতে ঢোকেন তবে তিনি খোলা তলোয়ার নিয়ে তাঁর বিরুদ্ধে লড়বেন। গান্ধীজি তো তার কোনো প্রতিবাদ করেননি!
তারও আগে, নেতাজী যখন ১৯৩৯ সালের ত্রিপুরী কংগ্রেসে গান্ধীর বাছাই করা প্রতিনিধি পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে দিলেন তখন গান্ধী বলেননি? – পট্টভির হার আসলে আমারই হার! তারপর ষড়যন্ত্র করে নেতাজিকে কংগ্রেস থেকে তাড়াননি? শ্যামাপ্রসাদ সম্বন্ধে সুগতর মিথ্যাভাষণ নিজের ঠাকুরদা শরৎচন্দ্র বসুর ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা ছাড়া কিছু নয়।
১৯৪৫ সালের পরে শরৎ বসু কংগ্রেসে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন এবং জমি ফেরত পাবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন। শেষপর্যন্ত কলকাতার গণহত্যার নায়ক সোহরাওয়ার্দীর সঙ্গে হাত মিলিয়ে স্বাধীন অবিভক্ত মুসলিমপ্রধান বাংলা তৈরী করার চেষ্টা করেছিলেন। সফল হননি। সফল হলে যে বাঙালি হিন্দুদের কি দুর্দশা হতো তা ভেবে শিউরে উঠতে হয়। এই মাস্টারমশায়ের ছাত্রদেরকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

