আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জুন: জলপাইগুড়ি পুরসভার পুরনো কাজের কয়েক কোটি টাকার বিল বকেয়া দাবি ঠিকাদারদের। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘পাড়ায় সমাধান’ এর মোট ৩৮টি কাজের নোটিশ টাঙানোর পরেও ঠিকাদাররা আবেদন করলেন না। ঠিকাদারদের দাবি, পুরনো কাজের বিল না মেটালে ও আলোচনায় না বসলে কোনো ঠিকাদার আবেদন করবেন না। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, আর্থিক সংকট রয়েছে পুরসভায়। সকলকে ধাপে ধাপে বিল দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘পাড়ায় সমাধান’। এই পাড়ায় সমাধানে মধ্য দিয়ে জলপাইগুড়ি পুরসভা এলাকায় একাধিক পিচের রাস্তা ও পাকা রাস্তা, নর্দমা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন ওয়ার্ডে কি কাজ হবে পুর কর্তৃপক্ষ সেই তালিকা নোটিশ বোর্ডে তুলে দিয়েছেন। কিন্তু কোনো ঠিকাদার আবেদন করলেন না বুধবার। ঠিকাদারদের অভিযোগ, পুরোনো একাধিক কাজের কয়েক কোটি টাকার বিল বয়েকা৷ সেই বিল দেওয়া হচ্ছে না। নতুন কাজ কিভাবে করবেন তাঁরা।
পুরসভার এক ঠিকাদার সমীর ঘোষ বলেন, “আমরা কয়েক মাস থেকে পুরোনো কাজের টাকা পাচ্ছি না। আমাদের যদি কর্তৃপক্ষ টাকা না দেয় তাহলে কাজটা কিভাবে করব। সবাই সিদ্ধান্ত নিয়েছি কেউ কাজের আবেদন করবেন না। কর্তৃপক্ষ আমাদের ডেকে আলোচনা করুক তারপর আমরা সিদ্ধান্ত নেব।”
পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “কিছু কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। আশা করি কাজের জন্য ঠিকাদাররা এগিয়ে আসবেন। এখনও সময় আছে।”

