পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত বাতিল, ফিক্সড চার্জ দ্বিগুন বৃদ্ধি ও মিনিমাম চার্জ তিনগুন এবং ডিস কানেকশন ও রি- কানেকশন চার্জ পাঁচগুন বৃদ্ধির বিরুদ্ধে এবং কৃষিতে বিনামূল্যে ও গৃহস্থ গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহের দাবিতে ২০ ডিসেম্বর কলকাতায় বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কর্মসূচির প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র ব্রজলালচক কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে আজ হলদিয়ার গেঁওয়াডাব বাজারে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের হলদিয়া মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ প্রামাণিক।
নারায়ণ চন্দ্র নায়ক তাঁর বক্তব্যে গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন-২০০৩ (সংশোধনী-২০২২)’র বিভিন্ন ধারা উল্লেখ করে বিস্তৃত বক্তব্য রাখেন এবং আগামী ২০ ডিসেম্বর কলকাতায় বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হওয়ার আহ্বান জানান।

