আমাদের ভারত, ব্যারাকপুর, ১ আগস্ট: একটি নির্মীয়মাণ বহুতলে এক নির্মাণ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। বরানগরে সিঁথির মোড়ে একটি নির্মীয়মান বহুতল থেকে আতর মল্লিক নামে এক নির্মাণ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ। মৃত আতর মল্লিক যে বহু তলে নির্মাণ কাজ করছেন সেখান থেকেই তার মৃত দেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ার বাসিন্দা আতর মল্লিক নামের ওই নির্মাণ শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু তার পরিবারের লোকজনের অভিযোগ, এক ঠিকাদারের কাছ থেকে আতর মল্লিক ৫০ হাজার টাকা পেত সেই টাকা চাওয়ায় তাকে খুন করা হয়েছে।

আতর মল্লিকের দাদা বলেন, “আগের ঈদে আমার ভাই বাড়ি গেলে ও বলে এক ঠিকাদারের থেকে ও ওর প্রাপ্য ৫০ হাজার টাকা পেত, আমরা ওকে কাজে আসতে বলিনি। ওই ঠিকাদার টাকা দেবে বলে কাজে ডেকে পাঠিয়েছিল। কিন্তু কোনও টাকা দেয়নি। উল্টে ওই
ঠিকাদারের সাথে গণ্ডগোল হয়েছিল। ওরা আমার
ভাইকে টাকা দিতে রাজি ছিল না। আর তাই ওরা মেরে ফেলেছে আর আত্মহত্যার মিথ্যা গল্প বলছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না।” তবে এই সম্পূর্ণ ঘটানার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

