পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ নভেম্বর: আবারো চুরি! বাড়ি থেকে উধাও আস্ত টোটো। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের ফুলঘরা এলাকায়। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন টোটো চালক সোনাই মাহাতো।
জানা যায়, বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক সোনাই মাহাতো। মঙ্গলবার রাতে বালুরঘাটের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভাড়া খাটিয়ে বাড়ি এসে টোটোটিকে চার্জে বসিয়েছিলেন। রোজকার মতো এদিন সকালে বাজারে ভাড়া নিয়ে যাওয়ার তাড়া থেকেই উঠে পড়েছিলেন তিনি। এরপর বাড়িতে থাকা টোটো রাখার গ্যারেজ খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে ওই টোটো চালকের। উধাও হয়ে যায় তার আস্ত টোটো। এদিন যে ঘটনা জানাজানি হতেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় ফুলঘরা এলাকায়। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন টোটো চালক সোনাই মাহাতো। এদিকে বিগত কিছুদিন ধরে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় লাগাতার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ক্রমশ: আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। যদিও এই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামা হয়েছে বলে জানিয়েছে বালুরঘাট থানার পুলিশ।
টোটো চালক সোনাই মাহাতো বলেন, রাতের অন্ধকারে চার্জে থাকা অবস্থাতেই দুস্কৃতিরা তার টোটো চুরি করে নিয়ে গিয়েছে। যা বিন্দুমাত্রও টের পাননি তারা। মাত্র চার বছর আগে অতি কষ্টে টোটোটি কিনেছিলেন তিনি। এমনিতেই এখন ভাড়া পাওয়া যায় না, ব্যবসায় মন্দা। তার মধ্যে টোটো চুরি হয়ে যাওয়ায় দিশেহারা অবস্থা। মানসিকভাবে ভেঙে পড়েছি।’

