‘ভারত ছাড়ো’ আন্দোলনের ধাঁচেই কংগ্রেসের ‘ভারত জোড়ো’ পদযাত্রা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৯ আগস্ট: ইংরেজদের তাড়াতে আজকের দিনেই ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করেছিল কংগ্রেস। সেই ধাঁচেই এবার দেশের মূল্য বৃদ্ধি, বেকারত্ব, ভেদাভেদ রাজনীতি সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ভারত জোড়ো’ পদযাত্রার সূচনা হল দেশজুড়ে।পুরুলিয়া জেলাতেও এর সূচনা হল আজ।

জেলার হুড়া থানার জোড়টাড় গ্রামের গান্ধী ময়দান থেকে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ পদযাত্রার সূচনা হয়। পদ যাত্রা শেষ হবে আগামীকাল ঝালদার শহিদ সত্য কিঙ্কর সমাধি স্থলে। প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ এই পদ যাত্রা ৬০-এ বাঁকুড়া- পুরুলিয়া জাতীয় সড়ক দিয়ে লক্ষ্মণপুর হয়ে হুটমুড়া ভাঙরা, পুরুলিয়া শহর হয়ে বেলকুড়ি অবধি হয়। সেখানে রাত্রি বাসের পর সকালে সেই যাত্রা আবার শুরু হবে। রাঁচি রোড দিয়ে চাষমোড়, জয়পুর হয়ে ঝালদায় শেষ হবে।

প্রদেশ কংগ্রেস নেতা তথা জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, “বিজেপি ক্ষমতায় থাকাকালীন দেশে বিশেষ সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক, গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। সাধারণ মানুষ দিশেহারা। এই পরিস্থিতিতে কংগ্রেসই জাতীয় রাজনীতিতে বিকল্প দল যাঁরা সবাই দেশ গড়ার কাজ করে। ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে যেমন কংগ্রেস সারা দেশে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করেছিল, সেই ধাঁচেই এবার দেশের মূল্য বৃদ্ধি, বেকারত্ব, ভেদাভেদ রাজনীতি সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ভারত জোড়ো’ আন্দোলনের অঙ্গ হিসেবে পদযাত্রার মাধ্যমে সূচনা করলাম আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *