রাজেন রায়, কলকাতা, ২৬ এপ্রিল: মোটামুটি শান্তিপূর্ণ ছিল দক্ষিণ পূর্বে ৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট। একেবারে শেষ বেলায় গার্ডেনরিচে সংঘর্ষ বাধল তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের দাবি তৃণমূল কর্মীরাই উষ্কানি দিয়ে অশান্তি পাকাচ্ছে। দুই পক্ষের মধ্যে লাগাতার ইট বৃষ্টি শুরু হয়। কান ফাটে এক বিজেপি কর্মীর। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছিল। ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে কলকাতা পোর্ট এলাকা। শেষবেলাতে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার ভোট দিতে গেলে বুথের বাইরে স্লোগান দিতে শুরু করেন তাঁর অনুগামীরা। তার প্রতিবাদ জানাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার জেরে সোমবার বিকেলে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তারের দাবি সংঘর্ষের উস্কানি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে সকালেও ভোটারদের স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। তবে ঘটনাস্থলে আর পাওয়া যায়নি কংগ্রেস
নেতাকে।

