জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই: দিদি ও মোদীর রাজত্ব চলতে থাকলে দেশের মানুষকে গরুর গাড়িতে চড়তে হবে। পেট্রোল-ডিজেলের গাড়িতে তাদের আর চড়া সম্ভব হবে না বলে মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়। শনিবার পেট্রোলিয়াম জাত দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ মিছিলে যোগ দেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় ও দলীয় কর্মী সমর্থকরা। তিনি বলেন, কেন্দ্রে মোদী এবং রাজ্যে দিদি যেভাবে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ওপর সেস চাপিয়ে মূল্যবৃদ্ধি করে চলেছেন তাতে সমস্ত শ্রেণির মানুষের ওপর আর্থিক চাপ ক্রমশ বেড়ে চলেছে। দিনের পর দিন বাড়ছে মানুষের দুর্ভোগ। এই উভয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল।

শনিবার গরুর গাড়ি ও সাইকেল মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা শহরের বটতলা এলাকায় একটি পেট্রোল পাম্পে পৌঁছে বিক্ষোভ দেখায়। মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে সমীর রায় ছাড়াও ছিলেন প্রাক্তন পৌর প্রধান শম্ভুনাথ চট্টোপাধ্যায়, যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাইফুল, কিষাণ কংগ্রেসের নেতা শ্যামল ঘোষ ও মহিলা কংগ্রেস নেত্রী মান্তু আহমেদ।

