সাথী দাস, পুরুলিয়া, ২০ জুন: পুরুলিয়ায় বিজেপি ও কংগ্রেসে বড় ভাঙন। সাংগঠনিক শক্তি বাড়ল তৃণমূলের। পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজিত বাউরি সহ বিজেপি ও কংগ্রেস মিলিয়ে জেলা পরিষদের মোট চার সদস্য তৃণমূলে যোগ দিলেন। এই যোগদানের ফলে ৩৮টির মধ্যে পুরুলিয়া জেলা পরিষদে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৩২।
শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদের চার সদস্য বিজেপির অজিত বাউরি, মানিকচাঁদ কুমার, কংগ্রেসের রাজীব সাহু, তনুশ্রী বাউরি ছাড়াও পুরুলিয়া বিধানসভার কংগ্রেসের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া শহর কংগ্রেস সভাপতি বিশ্বরূপ পট্টনায়ক, পুরুলিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা কর্মকার, ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর কথা কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার আরতি পান্ডে, ৯ ‘নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর জয়দেব দত্ত, আইনজীবী সহ একাধিক বিজেপি, কংগ্রেস নেতা কর্মী তৃণমূলে যোগ দেন।
এদিন তাঁদের উত্তরীয় ও দলীয় প্রতীক সম্বলিত ব্যাজ দিয়ে আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করান রাজ্যের আইন, বিচার ও পূর্ত বিভাগের মন্ত্রী মলয় ঘটক। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা দলের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যোগদান হয়। এদিন এই যোগদান পর্বে ছিলেন ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি- তথ্য- ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু ও দুই কো-অর্ডিনেটর সুষেন চন্দ্র মাঝি মিনু বাউরি, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন।

