বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুন: রাহুল গান্ধীকে জেরার নামে ইডি’র হেনস্থার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। আজ পুরুলিয়া জেলা সদর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। মিছিল গিয়ে থামে কেন্দ্রের টেলিকম কার্যালয়ের সামনে। সেখানে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পথ সভা করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন নেতারা। দলীয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নেপাল মাহাতো। ছিলেন প্রদেশ ও জেলা কংগ্রেস নেতৃত্বরা।

দলীয় কর্মীদের দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ঢুকে বিজেপির পুলিশ মারধর করার অভিযোগ উঠে। এর প্রতিবাদে দেশজুড়ে বড় আন্দোলনে নেমেছে কংগ্রেস। কাল দেশের সব রাজ্যের রাজভবনে ঘেরাও কর্মসূচি করে কংগ্রেস। আজ দেশের সব জেলাস্তরে প্রতিবাদ কর্মসূচি করেন কংগ্রেস কর্মীরা। পুরুলিয়ায় প্রদেশ নেতা নেপাল মাহাতো বলেন, “ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিনদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নামে হয়রানি করা হচ্ছে। গান্ধী পরিবারকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি। এতে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *