সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: পুরুলিয়া পুরসভায় বাড়িতে নল বাহিত পানীয় জলের সংযোগ, অস্থায়ী কর্মীদের বেতন নিয়মিত করা, পরিষেবা ঠিকঠাক প্রভৃতি দাবি জানিয়ে স্মারকলিপি কর্মসূচি পালন করল কংগ্রেস। পুরুলিয়া শহর কংগ্রেসের উদ্যোগে এদিন দুপুরে পুরসভা সংলগ্ন জুবিলি ময়দানে জমায়েত হন কংগ্রেস নেতা কর্মীরা।

ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা নেত্রীরা। সেখানে উল্লেখিত দাবি নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। তার পরই প্রতিনিধিমূলক স্মারকলিপি দিতে যান কংগ্রেসের পুরুলিয়া শহর সভাপতি প্রদীপ চৌধুরী সহ প্রদেশ নেতা সোমেশ্বর লাল সিং দেও, নেত্রী অর্ণবি সেন ও অন্যান্য নেতৃবর্গ।

পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালির স্মারকলিপি তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। পুরপ্রধান তাঁদের দাবি পূরণের ব্যাপারে নিশ্চিত করেন। কংগ্রেসের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

