বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আদ্রা রেল হাসপাতালের মুখ্য চিকিৎসা নিরীক্ষককে স্মারকলিপি কংগ্রেসের

সাথী দাস, পুরুলিয়া, ১৩ ডিসেম্বর: আদ্রার রেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ইস্যুতে এবার পথে নামল কংগ্রেস। সাম্প্রতিক ঘটনা ছাড়াও একাধিক বিষয় নিয়ে ওই হাসপাতালের মুখ্য চিকিৎসা নিরীক্ষককে স্মারকলিপি দিল আদ্রা রেলশহর কংগ্রেস কমিটি। আজ আদ্রার রেল হাসপাতালের বিভিন্ন বিষয় তুলে ধরে অভিযোগ জানান কমিটির নেতারা।

আদ্রা শহর কংগ্রেস কমিটির সভাপতি কুন্তল মিত্র বলেন, ‘আদ্রা রেল হাসপাতালে কিছুদিন আগেই দেখা গেছে তারিখ উত্তীর্ণ হওয়া স্যালাইনের বোতল দেওয়া হয়েছিল দুজন রোগীকে আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েন তারা। এছাড়া রেল হাসপাতালের কর্মচারীদের ব্যবহার ভালো নয়, যার জন্য সমস্যায় পড়েন হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষজন। তাই বিষয়গুলি হাসপাতালে মুখ্য চিকিৎসা নিরীক্ষককে খতিয়ে দেখার আবেদন জানালাম। পাশাপাশি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আজ আমরা স্মারকলিপি প্রদান করলাম।’ এদিন স্মারকলিপি প্রদানের পর তারিখ উত্তীর্ণ স্যালাইনের দ্বারা অসুস্থ হওয়া ওই রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন আদ্রা টাউন কংগ্রেস কমিটির সভাপতি ও অন্যান্যরা।

অন্যদিকে আদ্রা রেল হাসপাতালের মুখ্য চিকিৎসা নিরীক্ষক এন.কে. সিং জানান, ‘যে বিষয়গুলি আমাদের কাছে কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে আমরা সেগুলি খতিয়ে দেখব।’

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ‘প্রাক্তন ডিআরইউসিসি এর সদস্যা সারদা বন্দ্যোপাধ্যায়, কাশিপুর ব্লক কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জয় ব্যানার্জি ও আদ্রা টাউন কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস।

রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার ঘটনায় দুই হাসপাতালকর্মীকে সাসপেন্ড করে রেল কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় এই সদর দফতরেই রয়েছে বিভাগীয় প্রধান হাসপাতাল। সেখানেই মহিলা বিভাগের এক রোগীকে মেয়াদ শেষ হওয়া সেলাইন দেওয়া হয়েছিল এবং তার ফলেই আরও অসুস্থ হয়ে পড়েন রোগী, অভিযোগ পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *