ক্ষোভে শাসক শিবিরে যোগ কংগ্রেসের পুরুলিয়া জেলা সহ সভাপতির

সাথী দাস, পুরুলিয়া, ২২ মে: “বামেদের সঙ্গে কংগ্রেসের জোটকে প্রত্যাখ্যান করেছেন রাজ্যবাসী। আর বিজেপিকে প্রতিহত করতে তৃণমূলের বিকল্প নেই।” কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে এই ভাবেই নিজের মত ব্যক্ত করলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সহ সভাপতি উত্তম ব্যানার্জি। তাঁর সঙ্গে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কংগ্রেসের পুরুলিয়া শহর ও জেলার বিভিন্ন সংগঠিত পদাধিকারী দল ছাড়লেন। আজ পুরুলিয়া শহরের দুলমিতে তৃণমূলের জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, তৃণমূল জেলা সভাপতি গুরু পদ টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি প্রমুখ।

উত্তম ব্যানার্জিকে জেলার রাজনীতিতে দক্ষিণ পন্থী দলের নেতা হিসেবে চেনেন সবাই। এর আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। মেয়াদের আগেই নীতির প্রশ্ন তুলে ফের কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে বলরামপুরে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, তাঁর জামানত জব্দ হয়। এই পরিণতির জন্য কংগ্রেসের নীতিকে দায়ী করেন তিনি। তাঁর দল ছাড়াকে গুরুত্ব দিতে চাননি জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তবে তিনি বলেন, “উনি দলবদল করে আসছেন এক দশক ধরে। তৃণমূল এখন রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে। তাই, কিছু ব্যক্তিগত স্বার্থে সেখানে যোগ দিয়েছেন হয় তো।”

প্রদেশ কংগ্রেস সম্পাদক পার্থ প্রতীম ব্যানার্জি বলেন, “যে কোনও দলে যে কেউ যেতেই পারেন। এটা তাঁর বা তাঁদের স্বাধীন ইচ্ছে। আমাদের কোনও বাধা নেই। কংগ্রেস জাতীয় দল।”

তৃণমূলে যোগ দিতেই তাঁকে জেলা সহ সভাপতি পদে বসানো হয়। তাঁর এই পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেন,
“আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যাঁরা সামিল হতে চান তাঁদের সবাই স্বাগত। অভিজ্ঞ উত্তম বাবুর সুচিন্তিত মতামত আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *