প্রধান সহ কংগ্রেস সিপিএম সদস্যরা ঘাস ফুল শিবিরে, পঞ্চায়েত দখল তৃণমূলের

সাথী দাস, পুরুলিয়া, ৮ জুন: রাজ্যে তৃণমূল ফের ক্ষমতায় আসতেই বিজেপি, কংগ্রেস, সিপিএমে ভাঙন দেখা দিয়েছে। পুরুলিয়া জেলাতেও এই হাওয়া দেখা দিয়েছে। ভিড় জমছে তৃণমূল শিবিরে। আজ এই দল বদলের ফলে একটা পঞ্চায়েতই দখল করল তৃণমূল। পুরুলিয়া ২ ব্লকের গোলামারা পঞ্চায়েত কার্যত দখলে নেয় রাজ্যের শাসক দল। আজ পুরুলিয়া শহরের দুলমিতে জেলা তৃণমূল কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। আজ প্রধান সহ কংগ্রেসের ৭ জন এবং সিপিএমের ১ জন সদস্য তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, তৃণমূল জেলা সভাপতি গুরু পদ টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। ১২ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস ৭, তৃণমূল ৩ এবং সিপিএমের ২ জন ছিল। আজ যোগদান পর্বের পর তৃণমূলের ১১ জন এবং সিপিএমের ১ জন সদস্য হল।

অন্যদিকে, বিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য সুমন্ত কুমার বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। সেই সঙ্গে বীরগ্রাম অঞ্চলের মোট ৪৫টি পরিবার গেরুয়া শিবির ছেড়ে ঘাস ফুলে যোগদান করেন। আজ বীরগ্রাম অঞ্চলের পাটাহেঁসল কালী মন্দির ময়দানে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *