সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা তাঁর স্বামীর মৃত্যুর জন্য আগেই থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ তাঁর লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। ওই অভিযোগ পত্রে বেশ কিছু তৃণমূল নেতার নামও রয়েছে। স্বামীকে খুনের পিছনে অভিযুক্তদের হাত রয়েছে বলে জানান পূর্ণিমা।
এদিকে ফোনের একটি কথোপকথন ভাইরাল হয়ে যায়। তা নিয়ে পুলিশ অস্বস্তিতে পড়ে যায়। কথোপকথন ঝালদা থানার আইসির সঙ্গে একজন কংগ্রেস নেতার তথা নিহত তপন কান্দুর ভাইপোর বলে অভিযোগ করেন কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো। ওই অডিওতে আইসিকে ঝালদা বোর্ড গঠনে সক্রিয় ভূমিকা নিতে শোনা গিয়েছে। তপন কান্দুর ভাইপোকে তপন কান্দু ও তাঁর স্ত্রী পূর্নিমা কান্দু ছাড়াও আরো একজনকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য বলেন আই সি। ওই কংগ্রেস নেতা তথা ভাইপো একসময় সিভিক ভলান্টিয়ার ছিলেন। তিনি বলেন, চেয়ার ম্যানের পদ পেলে তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলা যেতে পারে। আই সি বলেন, চেয়ারম্যান পদ দেওয়াতে পারবেন না বরং ভাইস চেয়ারম্যান পদের জন্য ব্যবস্থা করা যেতে পারে। অর্থ্যাৎ ওই আইসি তৃণমূল কংগ্রেসের হয়ে বোর্ড গড়ার সক্রিয় ভূমিকা নিয়ে দেখা গিয়েছে। এটা ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে নামে পুলিশ।
ঘটনার গুরুত্ব বুঝে ঝালদায় পৌঁছান এডিজি সঞ্জয় সিং। জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ ও পদস্থ জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে দফায় বৈঠক করেন তিনি। তদন্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন এডিজি সঞ্জয় সিং। যদিও এই অডিওর সত্যাসত্য যাচাই করেনি আমাদের ভারত।

