পঞ্চায়েত ভোটের আগে ময়ূরেশ্বরে তৃণমূলের কার্যালয় দখল করল কংগ্রেস

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ জুন: দলীয় নেতৃত্বের অসহযোগিতায় দল ছাড়লেন তৃণমূলের বুথ সভাপতি। তার সঙ্গে গ্রামের অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। দলবদলের পরেই কার্যালয়ের প্রতীক বদলে দেওয়া হয়। তৃণমূলের প্রতীক মুছে হাতের ছবি ফুটিয়ে তোলা হয় সেখানে।ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে।

ওই গ্রামে শুরু থেকেই তৃণমূল করতেন সানোয়ার শেখ। সংগঠনের জোরে তিনিই ছিলেন কোট গ্রামের বুথ সভাপতি। সেই সানোয়ার রবিবার সন্ধ্যায় দল ছাড়লেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা কংগ্রেসের সহ সভাপতি কাসাফদ্দোজা। দলবদলের পরেই কান্নায় ভেঙে পরেন সানোয়ার। তিনি বলেন, “জন্মলগ্ন থেকে দল করছি। কিন্তু এখন আর তৃণমূল আগের মতো নেই। এক নেতার অত্যাচারে দল ছারলাম”।

রাজীব শেখ বলেন, “তৃণমূল এখন চোরের দল। কয়লা চুরি, চাকরি চুরি করে এরা দলটাকে শেষ করে দিয়েছে। আর কিছু সিপিএমের লোক ঢুকে দলকে শেষ করে দিয়েছে। এখন আর সেই তৃণমূল নেই”।

কাসাফদ্দোজা বলেন, তৃণমূলের অপশাসন, চুরি, দুর্নীতির প্রতিবাদে বুথ সভাপতি সহ গ্রামের অধিকাংশ মানুষ কংগ্রেসে যোগদান করলেন। তারা চায় মানুষ সরকারি সুবিধা ভোগ করুন। কিন্তু তৃণমূলে থেকে মানুষের জন্য কিছু করতে পারছিলেন না। তাই আমাদের দলে যোগদান করলেন”।

দলবদলের পরে তৃণমূল কার্যালয়ের প্রতীক এবং নাম মুছে কংগ্রেসের প্রতীক এঁকে দেওয়া হয়। বিধায়ক অভিজিৎ রায় বলেন, “ওকে আগেই বুথ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু গ্রামের মানুষ মানেনি। তাই হয়তো দল ছেড়েছে। তবে দল ছাড়ার খবর আমার কাছে নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *