পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার রাধামোহনপুর ব্লকের নিজপাপন এলাকায় ৬৬ শতাংশ জলা জমির মালিকানাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। আর এই গন্ডগোলের জেরে আজ ডেবরা থানায় অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

জানাগেছে, সৈকত ভট্টাচার্য এবং সুব্রত ভট্টাচার্য নামে দুই ভাইয়ের এই জায়গাতে তারা গত ৮ এপ্রিল জমির ভিত কাটতে গেলে সেই সময় প্রদীপ চৌধুরী এবং তারক চৌধুরী নামে দুই প্রতিবেশী কাজে বাধা দেওয়ায় কাজ আটকে যায়। থানায় অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। আজ বিজেপি নেত্রী ভারতী ঘোষের সহায়তায় ঐ পরিবার ডেবরা থানায় যায় থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে। তবে থানাতে আগে জানানো সত্ত্বেও থানার আধিকারিক না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ভারতী ঘোষ সহ ওই গ্রামবাসীরা খালি মাটির উপরে বসে পড়ে। থানার ওসি থানায় না আসা পর্যন্ত তাঁরা ধর্ণা ও অবস্থান বিক্ষোভ করেন।
পাশাপাশি আজ তিনি নারায়ণগড় থানার অন্তর্গত তালা গ্ৰামে ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেসের অত্যাচারে ঘর ছাড়া ১৬টি বিজেপি পরিবারকে বাড়ি ফিরতে সাহায্য করেন নিজে দাঁড়িয়ে থেকে।

