বাধ্যতামূলক বাইবেল নিয়ে যাওয়ার নির্দেশ পড়ুয়াদের, বেঙ্গালুরুর স্কুলের বিরুদ্ধে আদালতে মামলা

আমাদের ভারত, ২৫ এপ্রিল: হিজাব নিয়ে বিতর্কে উত্তাল হয়েছিল কর্নাটক। এবার বাইবেল নিয়েও বিতর্ক শুরু হল সেই কর্নাটকেই। রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর একটি স্কুলে পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি শিক্ষার্থীকে স্কুলে বাইবেল নিয়ে আসতে হবে। সেই পড়ুয়া যে ধর্মেরই হোক না কেন তাকে এই নির্দেশ বাধ্যতামূলক ভাবেই মানতে হবে। এমনকি স্কুল কর্তৃপক্ষ এই মর্মে অভিভাবকদের কাছে মুচলেকাও আদায় করে নিয়েছে। স্কুলের এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে উঠেছে। স্কুলটি পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে অভিভাবকদের একাংশ। রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই ব্যাপারে নালিশ জানানোর পাশাপাশি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বেঙ্গালুরু স্কুলটির নাম ক্লারেন্স স্কুল। এই স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলটি খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী। তাই পড়ুয়াদের সেই মূল্যবোধ শেখাতে তারা আগ্রহী। তারা চান পড়ুয়ারা সেই আবহে বেড়ে উঠুক। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাঙ্গালুরুর একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধির দাবি, এই বিষয়টি অন্য ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ভঙ্গের একটি ষড়যন্ত্র। স্কুলটির বিরুদ্ধে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অভিযোগ জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে আদালতে যাবে সংগঠনটি।

কয়েক মাস আগেই কর্ণাটকের একটি কলেজে হিজাব নিয়ে বিতর্ক তৈরি হয়। দীর্ঘ বিতর্কের অবসান হয় সুপ্রিম কোর্টে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মের কোন জায়গা নেই বলে জানিয়ে দেয় আদালত। এবার এই ঘটনায় আদালতের রায় কী হয় তার অপেক্ষায় সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *