ভুল চিকিৎসায় কিশোরী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: অভিযোগের সিড়িতে সবার শীর্ষে মেদিনীপুর হাসপাতালের নাম। কখনো স্ট্রেচার নিয়ে, কখনো ওষুধ নিয়ে আবার কখনো চিকিৎসা পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার আরোও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ।

উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন কলগাং এলাকার বাসিন্দা রিঙ্কু রায়ের বছর ১৩-র কিশোরী মেয়ে সুপ্রিয়া রায় শুক্রবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ঐদিন সন্ধে ৭টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর রাত প্রায় এগারোটা নাগাদ তড়িঘড়ি তার অস্ত্রোপচার করা হয় বলে অভিযোগ পরিবারের। কোনো কিছু পরীক্ষা না করিয়েই সোজা অস্ত্রোপচার করা হয় শুক্রবার রাতে। ফের শনিবার সকালের দিকে আরও একটি অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ বাড়ির লোকের। পরপর দুবার অস্ত্রপাচারের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। দ্রুত তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় আইসিইউতে। রবিবার ভোরে বাড়ির লোককে জানানো হয় মেয়ের অবস্থা খারাপ। আর এরপরেই হাসপাতালে বিক্ষোভ দেখান কিশোরীর পরিজনেরা।

রবিবারই বিশেষ কাজে মন্ত্রী বীরবাহা হাঁসদা এসেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মন্ত্রীকে দেখতে পেয়েই মেয়েকে সুস্থ করে তোলার জন্য কাতর আর্জি জানিয়ে মন্ত্রীর পা ধরে কান্নাকাটি শুরু করেন পরিবারের লোকজন। একইসাথে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটপোস্ট রয়েছে সেখানে লিখিত অভিযোগ জানিয়েছিলেন বাড়ির লোকজন। মেদিনীপুর কতোওয়ালি থানাতেও জানানো হয় লিখিত অভিযোগ। কিন্তু শেষরক্ষা হলো না। হঠাৎ করেই রবিবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ কিশোরী আর নেই বলে জানানো হয় পরিবারের সদস্যদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর জুড়ে। আইসিইউ বিভাগের সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। খবর পেয়ে গতকাল রাতেই হাসপাতালে ছুটে আসেন বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা।

রাতেই হাসপাতালে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। এদিন রাত প্রায় ২টো পর্যন্ত চলে বিক্ষোভ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এমনকি আসেননি কোনো ডাক্তার বা হাসপাতালের সুপার কেউই।

আজ সোমবার মৃত কিশোরীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে মেদিনীপুর হাসপাতালের মর্গে। পুরো বিষয় খতিয়ে দেখতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে।

কখনও বিনা চিকিৎসায়, তো কখনও বা ভুল চিকিৎসায় হাসপাতালে প্রাণ হারাচ্ছে মানুষ। আর এই ঘটনা বারবারই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। বলাই বাহুল্য, চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *