নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ, বাগদায় রাস্তা সংস্কারের কাজে বাধা গ্রামবাসীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ডিসেম্বর: নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে, এই অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন গ্রামের মানুষদের একাংশ। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়।

চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার গ্রাম সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে। এদিন রাস্তার কাজ চলার সময় গ্রামের কয়েকজন মানুষ অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী যথাযথ দেওয়া হচ্ছে না। ফলে কাজের পর পিচের আস্তরণ উঠে যাচ্ছে। এদিন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের একাংশ। কাজ বন্ধ করে দেন তাঁরা। ঠিকাদার সংস্থার সুপারভাইজ়ারও এদিন কাজে ‘ত্রুটি’র কথা মেনে নেন।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। দীর্ঘ টালবাহানার পরে রাস্তার কাজ শুরু হয়েছে, আমরা চাই সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক। গ্রামবাসী বিশ্বজিৎ তরফদার, বিমল তরফদার বলেন, এই রাস্তা দিয়ে প্রায় ১০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে রাস্তার পিচ, খোয়া। নিচে দেওয়া হয়নি কোনো পিচের প্রলেপ। আর সেই কারণেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিও কোনো লাভ হয়নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, আমরা এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর কাছে আগে অভিযোগ জানিয়েছি। এই বিষয়ে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *