সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর: শসক দলের পঞ্চায়েত প্রধানের মদতে মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা দিচ্ছে পুলিশ। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখান মৎস্যজীবীরা। সোমবার ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাঁচপোতা এলাকায়। অভিযোগ, পাঁচপোতা ফিসারমেন্স কো-অপারেটিভ সোসাইটি সমস্ত সরকারি অনুমতি থাকা সত্ত্বেও পাঁচপোতা বাওড়ে মাছ ধরতে নামলেই গোপালনগর থানার পুলিশ এসে বাধা দিচ্ছে। এর প্রতিবাদে গোপালনগর সিন্দ্রানি রাজ্য সড়ক অবরোধ শুরু করেছে কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা।

মৎস্যজীবীদের দাবি, তাদের সমস্ত রকম অনুমতি রয়েছে সরকারিভাবে লিজ নেওয়া হয়েছে তারপরেও তাদেরকে মাছ ধরতে বাধা দিচ্ছে পুলিশ। সরকারি বিভিন্ন দপ্তরে একাধিকবার জানিয়েও কোন সুরাহা হয়নি। যখনই তারা বাওড়ে মাছ ধরতে যায় তখনই পুলিশ তাদের বাধা দেয়। তবে কি কারণে বাধা, তার কোনো সদুত্তোর দিতে পারছে না পুলিশ, এমনটা অভিযোগ অবরোধকারীদের। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বিশ্বনাথ সর্দার বলেন, এলাকার দাদা আইজুল রহমান নামে এক দুষ্কৃতী আর পঞ্চায়েত প্রধান জাফর মণ্ডলের মদতে পুলিশ আমাদের মাছ ধরতে বাধা দিচ্ছে। যদিও প্রধান জাফর মণ্ডলের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি।

