পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন কেন্দ্র সরকারের তরফে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, আটকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও।

২০০৮ সালে ১০০ দিনের কাজের শুরু হয়। তারপর থেকে কখনও পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা আটকানো হয়নি। কিন্তু নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে এই দাবিতে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছে। সেই দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে আন্দোলন করতে গিয়ে আটক হয়েছেন। বাকি সাংসদদের প্রতিও হেনস্তা ও বর্বরোচিত ব্যবহার করেছে অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ বলে অভিযোগ। এবার এই অভিযোগ তুলে বর্বরোচিত ঘটনা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস।

এই আন্দোলন কর্মসূচি ঘিরে সক্রিয় ছিল তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই বুথে বুথে মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। বিক্ষোভ দেখাতে গিয়ে আটকে দেওয়া হয় ৬০নং জাতীয় সড়ক সহ জেলার প্রায় প্রতিটা রাজ্য ও কেন্দ্রীয় সড়ক। দাহ করা হয় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল।
জরুরি পরিষেবা ব্যতীত এদিন কর্মসূচিতে বন্ধ করে দেওয়া হয়েছিল বাস পরিষেবা থেকে নিত্য বাইক আরোহীদের যাতায়াত। বৃষ্টি ভেজা দিনে এদিন হঠাৎ কাজে বেরিয়ে এমন কর্মসূচি ঘিরে ক্ষোভও প্রকাশ করেন সাধারণ কোনো কোনো পথচলতি মানুষজন। ৬০ নং জাতীয় সড়ক বন্ধ থাকায় কটাক্ষ করা হয় বিজেপির তরফেও।

এত সব কিছুর পরেও এই আন্দোলন গ্রামীন ভোট ব্যাঙ্ক কি তৃণমূল কংগ্রেসের মুখী হবে। সেই দিকেই তাকিয়ে গোটা মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল।

