একশ দিনের কাজে স্বজনপোষণের অভিযোগ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুন: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দখলে থাকা সংসদ এলাকার লোকদের দিয়ে বিজেপির দখলে থাকা সংসদ এলাকায় একশো দিনের কাজ করাতে গেলে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের সত্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।।

গ্রামবাসীদের অভিযোগ, সত্যপুর গ্রাম পঞ্চায়েতের সত্যপুর গ্রাম সংসদটি বিজেপির দখলে থাকায় গত দু’বছর ওই সংসদ এলাকায় একশো দিনের কোনো কাজ করেনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এলাকার মানুষের দাবি ছিল, এলাকার মানুষকে নিয়ে একশো দিনের কাজ করতে হবে। কিন্তু স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই কথায় গুরুত্ব না দিয়ে শনিবার বাইরের থেকে জব কার্ডধারীদের নিয়ে গিয়ে সত্যপুর গ্রামে একশো দিনের কাজ করাতে গেলে ওই সংসদের জব কার্ডধারী গ্রামবাসীরা বাধা দেন। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অন্যান্য  সংসদের তৃণমূল সদস্যরা ঝামেলায় জড়িয়ে পড়ে।

সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালী পাত্র বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে বলেন, বাইরে থেকে কোনো লোক নিয়ে আসা হয়নি স্থানীয় বাসিন্দাদের একসঙ্গে কাজ করতে চাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *