স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ সেপ্টেম্বর: শুক্রবার রায়গঞ্জ শহরের সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে সরাসরি এক হাত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে। এদিকে বিজেপির সভা শেষ হতেই সভাস্থলের চারিপাশে “বাংলার লজ্জা মমতা” লেখা পোষ্টার দেখা যায়। শনিবার এই দৃশ্য সামনে আসতে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমন পোষ্টার ঘিরে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
ঘটনার তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল শিবির। এবিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক তথা তৃণমূল নেতা অরিন্দম সরকার সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেন, বিজেপি নেতা কর্মীরা বাংলার গর্ব মমতা বন্দোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করে যাচ্ছে। অথচ বিজেপি দলটা ভারতবর্ষের কলঙ্ক। আগামীতে দেশের মানুষ বিজেপিকে কেন্দ্রীয় সরকার থেকে বিদায় জানাবে। আর অন্যদিকে বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে জন কল্যাণে উন্নয়ন করে চলেছেন। তার নিরিখে তিনি আজীবন বাংলার গর্ব হয়েই থাকবেন।
অন্যদিকে এবিষয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কথা বার্তায় বীতশ্রদ্ধ হয়ে এই পোষ্টার সাঁটিয়েছে। মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যেভাবে ইডি-সিবিআই সহ একাধিক ইস্যুতে যেভাবে শাসক-বিরোধী কোন্দলে সরগরম হচ্ছে রাজনৈতিক আবহ, সেই জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

