লোকসভা নির্বাচনের লক্ষ্যে জেলায় “ইন্ডিয়া” জোটের কমিটি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: লোকসভা নির্বাচনের লক্ষ্যে জেলায় গঠিত হলো “ইন্ডিয়া” জোটের কমিটি। ২৬টি রাজনৈতিক দল থাকছে এই জোটে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য কনভেনর পদে নিযুক্ত হলেন সুব্রত রায়।

আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সফলতার সাথে বিভিন্ন ব্লক, জেলা ও লোকসভা কেন্দ্রে এনডিএ’র বিরুদ্ধে প্রচার করবে ইন্ডিয়া জোট। ২৫৮টি সংগঠনকে নিয়ে এই জোট কাজ করবে বলে জানিয়েছেন রাজ্য কনভেনর মুকুল বৈরাগ্য। একই সাথে সংগঠনের সদস্যদের দাবি, ভারতের সংবিধান রক্ষার স্বার্থে এই জোট, সংবিধান খর্ব করার চেষ্টা করছে যে এনডিএ সরকার তাদের প্রতিবাদে এই ক্যাম্পেইন চলবে। বিভিন্ন এলাকায় ইন্ডিয়া জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে ইন্ডিয়া জোট। এমনকি তাদের নিশানায় রয়েছে বাম শিবিরও।

সম্প্রতি র‍্যাগিংয়ের কারণে মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। আর সেই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চক্র নিয়ে রাজ্যপালকে নিশানা করলেন ইন্ডিয়া জোটের সদস্যরা। যাদবপুরের ঘটনা মর্মান্তিক, র‍্যাগিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার দায়ভার নিতে হবে শুধুমাত্র রাজ্যপালকে। উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে রাজভবন। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনা আরো বেড়েছে। এমনকি র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও। মঙ্গলবার এমনটাই দাবি করলেন ইন্ডিয়া জোটের সদস্যরা।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো প্রসঙ্গে বাম শিবিরকে নিশানা করেছেন সংগঠনের সদস্যরা। তারা বলেন, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চাইতেন না আধুনিক প্রযুক্তি রাজ্যে আসুক। বিরোধিতা করা হয়েছে কম্পিউটার, মোবাইলের। বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানরা এখন যাদবপুরে রয়েছে এবং তারা চাইছেন না বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসুক। সিসিটিভি বসলে আসল মুখোশগুলো বেরিয়ে আসবে তাই সিসিটিভি নিয়ে বিরোধিতা চলছে। সিসিটিভি নিরাপত্তার জন্য লাগানো দরকার বলে দাবি করে ইন্ডিয়া জোটের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *