রাজেন রায়, কলকাতা, ১৪ মার্চ: মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। একজন মুখ্যমন্ত্রীর কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই নিয়ে ছিল প্রশ্ন। এবার এই ঘটনার জেরে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে অপসারণ করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল ও পুলিশ সুপারকেও সরানোর নির্দেশ দিল কমিশন।
প্রসঙ্গত, গত বুধবার নন্দীগ্রামে প্রার্থী পদের জন্য মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যেয় নন্দীগ্রামের বিরুলিয়ায় গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় রাতেই কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। দেড়দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে পর্যাপ্ত তদন্তের দাবিতে কমিশনে যায় বিজেপি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। তাঁদের রিপোর্ট নিয়ে রবিবার কমিশনের ফুলবেঞ্চ বৈঠকে বসে। ওই বৈঠকেই কর্তব্যে গাফিলতির জন্য রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদ থেকে বিবেক সহায়কে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকেও। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন স্মৃতি পাণ্ডে। সরানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। তাঁর জায়গায় আসছেন সুনীল কুমার যাদব। ডিজির বদলির পর এবার রাজ্যের নিরাপত্তা অধিকর্তাকে বদলি বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

