Mamata, Commission, “বিজেপি-র ভয়ে কাজ করছে কমিশন,” দিল্লির বৈঠক বয়কট করে তোপ মমতার

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: “আমি মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি, আপনার অবস্থা ধনকড়ের মতো হবে। বিজেপির ভয়ে কাজ করছেন।” সোমবারের বৈঠক বয়কট করে দিল্লির নির্বাচন সদন থেকে সদলবলে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তোপ দাগেন, “বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে প্রভাবিত করে জিতেছে। কিন্তু বাংলা হবে না। প্রয়োজনে আমি এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি আসব। এখানে প্যারেড করাব। বিজেপি যা বলছে, কমিশন তা করছে। আমাদের পক্ষে জনতা আছে। আমরা ময়দানে লড়াই করব।”
কমিশনের অতিসক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাত নিয়ে সরব হলেন তিনি।

বৈঠকে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি অনেক কমিশনার দেখেছি। কিন্তু কেউ তোতাপাখি ছিলেন না। সেই জন্য আমাদের অসম্মান করা হয়েছে। ঠিকভাবে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সেই কারণে আমরা বৈঠক বয়কট করে চলে এসেছি।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের কর্মকাণ্ড শুধু স্বচ্ছতার অভাব নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। বৈঠকে মমতা বিশেষ করে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গও টানেন।

মুখ্যমন্ত্রী বলেন, “বাইরে থেকে অবজার্ভার আনা হয়েছে। এত লোকের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? কমিশনই দায়ী। বিজেপির কথায় কমিশন কাজ করছে। ধনকড়ও এমনই করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *