আমাদের ভারত, ৩ অক্টোবর: মুসলিম মহিলাদের মাথায় হেডস্কার্ফ বা থট্টম পরা নিয়ে সিপিএমের এক বর্ষিয়ান নেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠলো কেরলে। অনিল কুমার নামে ওই নেতার মন্তব্যে রাজ্যে শাসক দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বেশ কিছু ধর্মীয় সংগঠন ও ধর্মীয় নেতা ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন তার মন্তব্যের।
কী বলেছেন ওই নেতা? একটি অনুষ্ঠানে অনিল কুমারকে দাবি করতে শোনা যায়, বামপন্থী দলের প্রভাবে মুসলিম অধ্যুষিত মালাপুরাম জেলায় মহিলারা হেডস স্কার্ফ বা থট্টম পরা বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে তার দাবি রাজ্যের মুসলিম মহিলাদের অ্যালবার্ট আইনস্টাইন নয় কমিউনিস্ট পার্টির কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তাদের খালি পেটে থাকতে হচ্ছে না। এই মন্তব্যের পরেই একাধিক মুসলিম সংগঠন সরব হয়েছে। সুন্নি মুসলিমদের গোষ্ঠী সমস্থার দাবি, এই ধরনের মন্তব্য সিপিএম নেতাদের দ্বিচারিতাকে প্রকট করে। একইভাবে আরও বহু সংগঠন অনিল কুমারের এই মন্তব্যের প্রতিবাদ করেছেন। এমনকি তার প্রতিবাদ করেছেন অন্যান্য বাম নেতৃত্ব।
কেরলের এলডিএফ বিধায়ক ও বাম মনোভাবাপন্ন নেতা কেপি জলিল ওই মন্তব্যকে উড়িয়ে দিয়ে পরিষ্কার করে জানিয়েছেন, থট্টম পরা ছেড়ে দেওয়াকে কোনভাবেই প্রগতির চিহ্ন হিসেবে দেখা যায় না।

