জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: কোভিড পরিস্থিতির কারণে ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজের (স্বশাষিত) দেড়শোতম বর্ষে পদার্পণ উৎসবের সূচনা হল অনাড়ম্বরভাবে। ভারতের অন্যতম প্রাচীন এই কলেজের পথচলা শুরু হয়েছিল ১৮৭৩ খ্রীষ্টাব্দে। রবিবার কোভিড বিধি মেনে উৎসবের ভার্চুয়ালি সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা অসমের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন অধ্যাপক ড: রাজীব হান্ডিক। কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি কলেজের পতাকা উত্তোলন করেন বর্তমান অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গেকে কলেজের এনসিসি ইউনিটের পক্ষ থেকে গার্ড অব অনার জানানো হয়। অনুষ্ঠানের সূচনা পর্বে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও ১৫০ টি প্রদীপ জ্বালিয়ে বেলুন ওড়ানো হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের অধ্যাপক ড: বিশ্বরূপ সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া, অ্যাডিশনাল এসপি আম্লান কুসুম ঘোষ, জয়েন্ট ডিপিআই ড: রমাপ্রসাদ ভট্টাচার্য, মেদিনীপুর কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায়, ড: প্রবীর চক্রবর্তী, এমকেডিএ’র চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পুরসভার পৌরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান, ডিসিসিআই’য়ের সভাপতি তথা বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, কলেজের প্রাতঃবিভাগের ইনচার্জ অধ্যাপক ড: গৌতম ঘোষ, কলেজ প্রাক্তনীর সাধারণ সম্পাদক কুণাল ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা-
শিক্ষাকর্মীবৃন্দ এবং প্রাক্তনীদের বেশকিছু সদস্য-সদস্যা।
অনুষ্ঠানে কলেজের থিম সঙ সহ সংক্ষিপ্ত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কলেজের পুরানো দিনের নানা মুহূর্তের ছবি নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপিকা ড: চন্দ্রিমা চক্রবর্তী। কলেজ সূত্রে জানা গেছে, কোভিড সংক্রমণ কমলে বড় আকারের অনুষ্ঠান হবে এবং দেড়শো বছর উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বছরভর নানাধরনের কর্মসূচি নেওয়া হবে।

