সাথী দাস, পুরুলিয়া, ৯ ডিসেম্বর: ভারতবষে’র বীর সন্তান সুভাষ চন্দ্র বসু সৌভাগ্যক্রমে একাধিক বার পুরুলিয়ায়(সাবেকি মানভূম) পা দিয়েছিলেন। পুরুলিয়া জেলার এ এক গৌরবময় অধ্যায়। ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর তাঁর শেষবারের মতো পুরুলিয়া ভ্রমণ ছিল।

১৯৩৯ সালের ৯ ডিসেম্বর তিনি অসুস্থ শরীরে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ভ্রমণ করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু ৩০ টি সভা করেছিলেন। গাড়িতে তাঁর সহযাত্রী ছিলেন অন্নদা প্রসাদ চক্রবর্তী (স্বামী অসীমানন্দ) এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির চট্টরাজ, সভাপতি সন্তোষ মিত্র। তুলিন, ঝালদা, জয়পুর, পুরুলিয়া শহরের নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ি, পুরসভার জুবিলি ময়দান, হুটমুড়া, লক্ষ্মণপুর, কাশিপুর, আদ্রার পলাশকলা, রঘুনাথপুর শহর, লধুড়কা, আনাড়া, ও ঝাপড়াতে তাঁর পদার্পন ঘটেছিল ওই দিন। জেলাবাসীর পক্ষ থেকে সেই পদার্পণ স্মরণে রেখে ওই স্থানগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নেতাজির ফলক স্থাপন, মূর্তি প্রতিষ্ঠা, আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আয়োজক সুভাষ চন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি। ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে পুরুলিয়া পুরসভা। পুরসভার জুবিলি ময়দানে বিশেষ অনুষ্ঠান হয়। প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিশিষ্টরা। রঘুনাথপুর পৌরসভা চত্বরে থাকা তার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে উদযাপিত হয় নেতাজির পদার্পণ দিবস।

