সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনই প্রধান আলোচ্য হয়ে উঠলো বিজেপির জেলা কার্যকারিনী বৈঠকে। পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যেতে চায় বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনের মত শাসক দল যাতে ভোট বানচাল করতে না পারে সেদিকে কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হয় সমস্ত মন্ডল সভাপতি ও কার্যকর্তাদের। আজ বাঁকুড়ার ধর্মশালায় আয়োজিত জেলা বিজেপির কার্যকারিনী সভায় পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার জন্য এখন থেকেই কাজে নেমে পড়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি, অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীদের হুমকি, আটকে রাখা, ভয় দেখানো, কোনও কোনও ক্ষেত্রে মারধর করে প্রার্থীদের বিরত করা হয়।তৈরী হয় এক সন্ত্রাসের পরিবেশ। এই সন্ত্রাসের মোকাবিলা করা সম্ভব
হয়নি বিরোধীদের। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেও রণকৌশল তৈরী করা হবে। গ্ৰামে গঞ্জে এখন থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মুখী পদক্ষেপ ও রাজ্য সরকারের অপদার্থতা তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ ও জোরদার প্রচারে মন দেওয়ার জন্য কার্যকর্তাদের পরামর্শ দেওয়া হয়। সভায় জেলার প্রতিটি মন্ডল সভাপতি ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন। কার্যকারিনী সভায় রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল, বিধায়ক নিলার্দ্রী দানা, বিবেকানন্দ পাত্র উপস্থিত ছিলেন।

জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল জানান, সদ্য শেষ হয়েছে রাজ্য কার্যকারিনী সভা। দলের নিয়মানুযায়ী এর পরেই জেলা কার্যকারিনী বৈঠক সম্পন্ন হল। সব শেষে মন্ডল কার্যকারিনী বৈঠক বসে।

