‘ডিসেম্বর আসুক তখন দেখতে পাবেন কি হয়,’ ফের রাজ্যসরকারকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৪ নভেম্বর: ডিসেম্বর মাস নিয়ে ফের তৃণমূল পরিচালিত সরকারকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। এজন্য ডিসেম্বর মাস আসার জন্য অপেক্ষা করতে বললেন তিনি। দিলীপ ঘোষ বললেন, ডিসেম্বর আসুক তখন দেখতে পাবেন কি হয়। তবে, সুনামির মতো যে কিছু হবে না তা পরিস্কার করে দিয়েছেন।

মাস’দুয়েক ধরে বিজেপি নেতারা ডিসেম্বরের কথা বলছেন। প্রথমে তাঁরা বলছিলেন, ডিসেম্বরে এই সরকার পড়ে যাবে। তবে ইদানিং সরকার পড়ে যাওয়ার কথা সেভাবে আর বলছেন না, কিন্তু ডিসেম্বরে কিছু একটা হবে, প্রতিদিনই তার কথা বলছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ডিসেম্বরে এমন শীত পড়বে যে এই সরকার কাঁপতে থাকবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ডিসেম্বরে সব থেকে বড় চোর ধরা পড়বে।

গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও দিলীপ ঘোষ ফের ডিসেম্বরের কথা বলেন। এজন্য তিনি অপেক্ষা কর করার পরামর্শ দেন। বিজেপির সর্ব ভারতীয় সহ–সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘ডিসেম্বর তো আসুক এত উৎকণ্ঠার কী আছে? অনেক কিছুই হতে পারে।” পাশাপাশি এও বলেন, সুনামির মতো কিছু হওয়ার সম্ভাবনা নেই। ‘তবে, কিছু তো হবেই।’

বুধবার ধর্মগুরু সত্যসাঁই বাবার ৯৭ তম জন্মদিন ছিল। এই উপলক্ষে খড়্গপুরে ‘সাঁই ইউনিভার্সাল নিবাসে’র অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি ডিসেম্বর মাস আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।

সত্যসাঁই বাবার জন্মদিন উপলক্ষে সাঁই ইউনিভার্সাল নিবাসে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের চিকিৎসকরা এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করেন, সেই সঙ্গে এলাকার ও গরিব- দুস্থ মানুষদের শীতবস্ত্র দেওয়া হয়। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *