স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: “আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা,”। কোনও এক শীতের শেষে বসন্তের শুরুতে, কোনও এক ফেব্রুয়ারিতে কিছু মানুষ হারিয়েছিল তাদের ভাই, তাদের সন্তান। সেই হারানো ভাইয়ের স্মৃতি রক্ষার্থেই হয়তো এই ভাষা শহিদ দিবস। বাঙালিরা এই শহিদদের স্মরণে শ্রদ্ধার সাথে এই দিনটিকে শহিদ দীবস হিসেবে পালন করে আসছে। আজ ২১শে ফেব্রুয়ারি দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও “ভাষা ও ভাবনা” কমিটির পক্ষ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পা মেলান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, অপূর্ব পাল, দিলীপ নারায়ণ ঘোষ, সুশীল গোস্বামী সহ রায়গঞ্জের বহু বিশিষ্ট জনেরা।

যথাযথ মর্যাদার সাথে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভা ভবনে শহিদ স্তম্ভ নির্মাণ করে তাতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ পুরসভার কাউন্সিলরগণ এবং অন্যান্য আধিকারিকরা।


