পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: বসন্তের আগমনে রঙের উৎসবে মাতল মেদিনীপুর শহর। মেদিনীপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৪৪তম বসন্ত উৎসব। নাচ, গান ও আবির খেলায় উৎসবের আবহে মেতে ওঠেন শহরবাসী।

প্রতি বছরের মতো এ বছরও শান্তিনিকেতনের আদলে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী দোল উৎসব। রঙিন পোশাকে সজ্জিত ছোট থেকে বড় সকলেই অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। বসন্তবরণ উপলক্ষে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে আবিরের রঙিন আভা।

উৎসবের উদ্যোক্তা তাপস সিনহা জানান, “শান্তিনিকেতনের ধাঁচে মেদিনীপুর শহরেও প্রতিবছর এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।”
উল্লেখযোগ্য বিষয় হল, দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এই উৎসবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি উৎসবকে আরও সার্বজনীন ও সম্প্রীতির বার্তা বহন করেছে।

রঙ, সুর ও আনন্দের মেলবন্ধনে ৪৪তম বসন্ত উৎসব আবারও প্রমাণ করল, মেদিনীপুরে দোল শুধু একটি উৎসব নয়— এটি শহরের ঐক্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

