ইউজিসি নির্দেশিকা মেনে ১ অক্টোবর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৩১ আগস্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশ মত উপাচার্যদের বৈঠকে বসে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার দিন চূড়ান্ত করে ফেললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানানো হয়েছে, সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ অক্টোবর থেকে শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা৷ ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা চলবে। ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।

প্রসঙ্গত, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিল করা যাবে না এমন নির্দেশিকা আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আবার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা নিতেও নারাজ ছিল রাজ্য। সেই কারণেই এদিন শিক্ষামন্ত্রী রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন। তারপরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গত জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির কিভাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার পরীক্ষা নেবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি দিয়েছিল। সেই অ্যাডভাইজারি মোতাবেক রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ফাইনাল সেমিস্টারের মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করে দিয়েছে।

ইউজিসির তরফে শেষবারের জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিন ধরনের মাধ্যমের সাহায্যে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন এই তিনটি মাধ্যমের মধ্যে যেকোনো একটি মাধ্যমের সাহায্যে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করতে হবে। তবে কীভাবে পরীক্ষা, তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *